৭ জুন ২০২৬ । তেলিয়ামুড়া । রিপোর্ট-হিরন্ময় রায়ঃ অতি সম্প্রতি রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী ক্ষেত্র কৃষ্ণপুর বিধানসভা এলাকার চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভূমিহীন টিলা এলাকার একজন নির্বাচিত স্থানীয় জন প্রতিনিধি সহ এলাকাবাসীরা সম্মিলিতভাবে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন এই এলাকার আর্থসামাজিক ব্যবস্থা বিপন্ন ।
তাদের দাবি ছিল মন্ত্রী বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এলাকায় ভোট চাইলেও ভোটের পর বেমালুম ভুলে গেছিলেন সবকিছু এবং সমস্বরে এলাকাবাসীদের দাবি ছিল রাস্তাঘাট, বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল সহ জীবনমানের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের অভাবে এলাকার সমস্যাগুলো প্রতি নিয়ত মাথা-চাড়া দিয়ে উঠে চলেছে ।
এই সংবাদ সমূহ রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর একদিকে প্রশাসনিক দৌড়ঝাপ এবং আরেক দিকে রাজনৈতিক ভানুমতির খেলা শুরু হয় ।
যারা একদিন আগে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছিলেন রাস্তাঘাটের সমস্যা, জলের সমস্যা সবকিছু নিয়ে জনজীবন বিপন্ন, তাদের মধ্যেই দু’একজন আবার সংবাদ মাধ্যমে এসে দাবি করেছিলেন তারা নাকি ভুল বয়ান দিয়েছেন। যদিও বয়ান বাজির ধরন দেখে এটা যে প্রকৃত অর্থে রাজনৈতিক কুট চাল ছিল সেটা বুঝে গেছিলেন রাজ্যের একটা বিরাট সংখ্যক মানুষ এবং আজকে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক তথা মন্ত্রী সাহেব নিজেই এই বিষয়টাতে সিলমোহর দিয়েছেন।
নিজের কয়েকজন অনুগামীকে নিয়ে আজ বিধানসভা নির্বাচনের তিন বছরের মাথায় মন্ত্রী বাবু সংশ্লিষ্ট এলাকায় গেলেন, সাধারণ মানুষের সাথে বসলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন।
এলাকাবাসীরা সমবেতভাবে তাদের সমস্যার কথা জানালেন, কেউ বললেন জল নে,ই কেউ বললেন বিদ্যুতের সমস্যা, আবার সংশ্লিষ্ট সেই জনপ্রতিনিধি সহ এলাকাবাসীদের একাংশ দাবি করলেন এলাকার রেশনিং ব্যবস্থা রীতিমতো বিপর্যস্ত।
একেবারে ভূমিহীন টিলায় অবস্থানকালে মন্ত্রী নিজে পর্যন্ত এলাকার অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এবং বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য সারাক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন।
এই ভূমিকা নিশ্চিতভাবে সাদুবাদ যোগ্য। তবে মন্ত্রী আজকে নিজেই প্রমাণ করে দিয়েছেন ভূমিহীন টিলা এলাকায় সাধারণ মানুষের স্বার্থে সংবাদ পরিবেশন সঠিক ছিল, পাশাপাশি তিনি এটাও প্রমাণ করে দিয়েছেন যারা বয়ানবাজি পুনরায় করেছিলেন তাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখানো হয়েছিল।
তবে মন্ত্রী আজ দীর্ঘক্ষণ ভূমিহীন টিলা এলাকায় থাকলেও বিধানসভা নির্বাচনের আগে করা প্রতিশ্রুতি অনুযায়ী কারো বাড়িতে শুটকি ভর্তা দিয়ে যেমন খাননি, ঠিক একই রকম ভাবে দেখা গেছে মন্ত্রী তেলিয়ামুড়া বা আগরতলা থেকে মিনারেল ওয়াটার নিয়ে গেছিলেন সংশ্লিষ্ট এলাকায়। অর্থাৎ এই ছবিগুলোর দ্বারা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী আজ প্রমাণ করে দিয়েছেন ভূমিহীন টিলা এলাকার মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়ন হয়নি।
যদিও একটা পর্যায়ে মন্ত্রী দাবি করেছেন দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের ফলে এই অবস্থা ,কিন্তু বিগত তিন বছর বা ৮ বছরের এই শাসনে বর্তমান সরকার বা বর্তমান বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা উনার তিন বছরের শাসনকালে কতটুকু কি করতে পারলেন সেটা যেন আজ ভূমিহীন টিলা এলাকা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গোটা রাজ্যকেই।
