তেলিয়ামুড়া প্রতিনিধি : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সাংবিধানিক দায়িত্ব পালনের ৪৩৯৯ দিন অতিক্রম করায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবার ধারাবাহিকতা কামনায় দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই বুধবার ২৮ তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে তেলিয়ামুড়ার দশমীঘাটস্থিত হরগৌরি মন্দিরে-এ বিশেষ পূজার্চনা ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভক্তিভরে পূজা-অর্চনার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নয়নে তাঁর নেতৃত্ব অব্যাহত থাকার জন্য প্রার্থনা করা হয়। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ধর্মীয় আয়োজনে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক তথা বিধায়িকা কল্যানী সাহা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের দলীয় নেতৃত্ব, পদাধিকারী, কর্মী ও সমর্থকরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মসূচি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধির বিষয়েও আলোকপাত করেন। তারা বলেন, দেশের অগ্রগতি ও জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী যে নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে চলেছেন, তার জন্য তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা সকলের দায়িত্ব।
ধর্মীয় পরিবেশ ও ভক্তিমূলক আবহে অনুষ্ঠিত এই পূজা ও যজ্ঞানুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।
