তেলিয়ামুড়ায় ব্যস্ততা তুঙ্গে, তবে নির্বাচন সংক্রান্ত তথ্য দিতে অস্বীকার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর—স্বচ্ছতা নিয়ে উঠছে সংশয়
১১ এপ্রিল, তেলুয়ামুড়া । রিপোর্ট-হিরন্ময় রায়ঃ
রাত পোহালেই শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত এডিসি নির্বাচন। তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ভোটকর্মীরা। রাজ্যের অন্যান্য অংশের মতোই একই চিত্র ধরা পড়েছে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় চত্বরে।
শনিবার সকাল থেকেই বিভিন্ন স্তরের ভোটকর্মীরা নিজেদের দায়িত্বপ্রাপ্ত সামগ্রী সংগ্রহ করে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন। প্রশাসনের তত্ত্বাবধানে ইভিএমসহ যাবতীয় নির্বাচন সামগ্রী নিয়ে শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করা হয়।
তবে এই ব্যস্ততার মাঝেই নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন ১১ তেলিয়ামুড়া মহারানীপুর এডিসি আসনের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। অভিযোগ, নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাতে সংবাদমাধ্যমের সামনে কার্যত অস্বীকৃতি জানান তিনি।
সাংবাদিকরা বারবার জানতে চাইলে—মোট ভোটার সংখ্যা, পোলিং স্টেশনের সংখ্যা কিংবা প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে—রিটার্নিং অফিসার হাত জোড় করে জানান, তিনি এই বিষয়ে কিছু বলতে পারবেন না। তাঁর এই অস্বাভাবিক নীরবতা ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার শুরুতেই যদি দায়িত্বপ্রাপ্ত শীর্ষ প্রশাসনিক আধিকারিক তথ্য প্রকাশে অনীহা দেখান, তবে তার পেছনে কোনো গভীর কারণ রয়েছে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
যদিও সরকারি তথ্য অনুযায়ী, ১১ তেলিয়ামুড়া মহারানীপুর এডিসি আসনে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৭৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ এবং মহিলা ভোটার ১৫ হাজার ৯৬৭ জন। এই আসনে মোট ৪৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সবমিলিয়ে, একদিকে যেমন ভোটকর্মীদের তৎপরতা চোখে পড়ার মতো, অন্যদিকে রিটার্নিং অফিসারের ভূমিকা ঘিরে বাড়তে থাকা প্রশ্ন কিন্তু এই নির্বাচনের আবহে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।
