জাতীয় সড়ক অবরোধ, বনদপ্তরের আধিকারিক আক্রান্ত, সাংবাদিকদের উপর হামলা—পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন।
০৪ এপ্রিল ২০২৬। তেলিয়ামুড়া , ত্রিপুরা । হিরণ্ময় রায়ঃ তেলিয়ামুড়া মহকুমার রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের জুম বাড়ি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। গতকাল রাত প্রায় দুটো নাগাদ বন্য হাতির আক্রমণে প্রাণ হারান এক মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ করেই বন্য হাতির একটি দল জুম বাড়ি এলাকায় ঢুকে পড়ে। সেই সময় বাড়ির বাইরে থাকা অবস্থায় হাতির আক্রমণের শিকার হন ওই মহিলা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
এই ঘটনার পরেই ক্ষুব্ধ এলাকাবাসীরা মুঙ্গিয়া কামি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে এই অবরোধ, যার ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের আধিকারিকরা। তবে বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন এসডিএফও-সহ কয়েকজন কর্মী। এমনকি খবর সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকও আক্রান্ত হন। অভিযোগ, এক সাংবাদিককে কিল-ঘুসি মেরে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়।
এতেই থেমে থাকেনি উত্তেজনা। ক্ষুব্ধ জনতা এলাকার বিট অফিসেও ভাঙচুর চালায় বলে খবর।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা প্রশাসক তথা এসডিএম। কিন্তু উত্তেজিত জনতার বিক্ষোভ এতটাই তীব্র ছিল যে, তাকেও পরিস্থিতির চাপে সেখান থেকে সরে আসতে বাধ্য হতে হয়।
বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
