তেলিয়ামুড়া প্রতিনিধি: বিভিন্ন উন্নত স্বাস্থ্য পরিসেবা, প্রসূতি চিকিৎসা এবং অপারেশন সংক্রান্ত মানোন্নয়নের স্বীকৃতি হিসেবে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ‘LAQSHYA’ (লক্ষ্য) প্রকল্পের আওতায় এবার শিরোপা অর্জন করলো তেলিয়ামুড়া মহুকুমা হাসপাতাল।
‘লক্ষ্য’ প্রকল্পের লক্ষ্য হলো প্রসূতি মা ও নবজাতকের জন্য নিরাপদ, উন্নত ও মানবিক পরিষেবা নিশ্চিত করা। এই মর্যাদা অর্জনের মাধ্যমে তেলিয়ামুড়া মহুকুমা হাসপাতাল রাজ্যের অন্যতম মানসম্পন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল।
আজ এক সাংবাদিক সম্মেলনে হাসপাতালের এসডিএমও জানান, “এই সাফল্য আমাদের সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সাপোর্ট স্টাফদের নিরলস পরিশ্রমের ফল। ভবিষ্যতেও আমরা জনসাধারণকে আরও উন্নত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
এই অর্জনে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় জনগণের মধ্যে আনন্দের আবহ ছড়িয়ে পড়েছে। অনেকে এই সাফল্যকে তেলিয়ামুড়া মহুকুমা স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
চিকিৎসা পরিকাঠামো, রোগী সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আধুনিক প্রসূতি চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের ফলেই এই স্বীকৃতি এসেছে বলে জানা গেছে।
