মুঙ্গিয়াকামীতে মুখ্যমন্ত্রীর সভার পরদিনই সরব ই এম কমল কলই; প্রতিবাদে রাস্তায় নেমে ত্রিপরা মতার শত শত কর্মী-সমর্থক।
তেলিয়ামুড়া, ২৫ অক্টোবরঃ ত্রিপুরা রাজনীতিতে ফের চাঞ্চল্য। “বিজেপির সবকিছুই ঝুমলা” — এই কঠোর ভাষায় শাসক দলের বিরুদ্ধে সরব হলেন ত্রিপুরা স্ব-স্বায়ত্তশাসিত জেলা পরিষদের সদস্য তথা ই এম কমল কলই।
গতকাল কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামী বাজারে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার উপস্থিতিতে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্য জুড়ে নতুন জয়েনিং দেখিয়ে বিজেপি তাদের সংগঠন শক্তি প্রদর্শনের চেষ্টা করে। কিন্তু আজ, সেই জয়েনিং নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন কমল কলই। তাঁর অভিযোগ — “মুখ্যমন্ত্রীর জনসভায় যে জয়েনিং সংখ্যা দেখানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। সবটাই ঝুমলা।”
আজ বিকেল চারটায় মহারাজা প্রদ্যোত দেববর্মা মুঙ্গিয়াকামী আসাম জাতীয় সড়কের পাশে এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে ত্রিপরা মতার কর্মী-সমর্থক ও সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। শত শত মানুষ রাস্তায় জমায়েত হয়ে মহারাজাকে এক ঝলক দেখার অপেক্ষায় দাঁড়িয়ে পড়েন।
শুধু তাই নয়, বিজেপির তথাকথিত মিথ্যা জয়েনিং এর প্রতিবাদে এবং নিজেদের শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে ত্রিপরা মতার কর্মীরা আজ রাস্তায় শক্তি প্রদর্শন করেন। শৃঙ্খলাবদ্ধ ভিড় থেকে বারবার ধ্বনিত হয় — “সত্যের জয় হোক, ত্রিপরা মতার জয় হোক।”
মহারাজা স্থানটিতে পৌঁছালে উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়ে। উল্লাসে আত্মহারা জনতা মহারাজাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
এ বিষয়ে কমল কলই বলেন, “মুখ্যমন্ত্রীর জনসভায় যে জয়েনিং-এর গল্প দেখানো হয়েছে, তা ছিল সম্পূর্ণ প্রহসন। বাস্তবে ত্রিপরা মতার ভিত্তি আরও মজবুত হচ্ছে, কারণ মানুষ এখন সত্য ও মর্যাদার রাজনীতিতে বিশ্বাস রাখছে।”
মুঙ্গিয়াকামী এলাকার এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে বিজেপির পক্ষ থেকে জয়েনিং সভা নিয়ে প্রচার জোরদার, অন্যদিকে বিরোধী শিবিরের পাল্টা প্রতিবাদ — ফলে কৃষ্ণপুর বিধানসভা এখন উত্তপ্ত রাজনৈতিক তরঙ্গে ভাসছে।
