সমবায়কে বলিষ্ঠ করেই বলিষ্ঠ সমাজ গঠনের পথে ত্রিপুরা: তেলিয়ামুড়াতে সমবায় মন্ত্রীর বার্তা।
প্রাইমারি মার্কেটিং সমবায়ের বার্ষিক সাধারণ সভায় উন্নয়ন, দাবি ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তৃত আলোচনা।
তেলিয়ামুড়া প্রতিনিধি: সময়ের সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যে সমবায় ব্যবস্থা নিয়ে মানুষের ধারণায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। এক সময় পরিকল্পিতভাবে রাজ্যের সমবায় ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তবে বর্তমান সরকার সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সমবায় ব্যবস্থাকে পুনরায় বলিষ্ঠ করে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে এবং এর মধ্য দিয়েই প্রকৃত অর্থে একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল সমাজ গঠনের পথ প্রশস্ত হচ্ছে।
তেলিয়ামুড়াতে প্রাইমারি মার্কেটিং সমবায়ের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থেকে মন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যজুড়ে সমবায় প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে মানুষের ভরসার অন্যতম কেন্দ্রবিন্দুতে নিজেদের প্রতিষ্ঠিত করছে। কৃষি, বিপণন, সংরক্ষণ ব্যবস্থা থেকে শুরু করে নানান সামাজিক ও আর্থিক কর্মকাণ্ডে সমবায়গুলির ভূমিকা আজ আর অস্বীকার করার উপায় নেই।
তবে শুধু এই সাফল্যে থেমে থাকলে চলবে না বলেও স্পষ্ট করে দেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তাঁর কথায়, আগামী দিনে সাধারণ মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে সমবায় ব্যবস্থাকে আক্ষরিক অর্থেই আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তবেই সমবায় প্রকৃত অর্থে রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তিতে পরিণত হবে।
এদিন মন্ত্রী আরও দাবি করেন, শুধু তেলিয়ামুড়া নয়, গোটা রাজ্য জুড়েই সমবায় প্রতিষ্ঠানগুলি বিভিন্ন কাজকর্মের মাধ্যমে সমাজকে নতুন দিশা দেখাচ্ছে। এর ফলে রাজ্যের সামগ্রিক আর্থিক কাঠামোর পাশাপাশি সামাজিক ব্যবস্থার মানোন্নয়নও হচ্ছে, যা ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
একই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার সরকারি পক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বলেন, সমবায় ব্যবস্থার মূল শক্তি হলো সম্মিলিত প্রয়াস। সকলকে একযোগে কাজ করার মধ্য দিয়েই সমবায় ব্যবস্থাকে ক্রমান্বয়ে আরও শক্তিশালী করে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সমবায়ের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ, কর্মী ও নেতৃত্ব যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন, তবে এই ব্যবস্থা আগামী দিনে আরও বৃহৎ ভূমিকা পালন করতে সক্ষম হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিবছরের মতো এবারও ব্যাপক সাড়া ফেলে তেলিয়ামুড়াতে অনুষ্ঠিত হলো প্রাইমারি মার্কেটিং সমবায়ের এই বার্ষিক সাধারণ সভা। সভায় মন্ত্রী ও বিধায়িকার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব, সমবায়ের সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিনের সভার মঞ্চ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপিত হয়। এর মধ্যে প্রাইমারি মার্কেটিং সমবায়কে গ্যাস ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়ার দাবি যেমন উঠে আসে, তেমনি কৃষক ও সাধারণ মানুষের সুবিধার্থে একটি কোল্ড স্টোরেজ স্থাপনের দাবিও জোরালোভাবে তোলা হয়।
এর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার নজির রেখে আয়োজকদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর ফান্ডে কুড়ি হাজার টাকা দান করা হয়। সব মিলিয়ে তেলিয়ামুড়ার এই বার্ষিক সাধারণ সভা সমবায় ব্যবস্থার বর্তমান অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজের প্রতি দায়িত্ববোধকে এক নতুন মাত্রা দিল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
