রোমান স্ক্রিপ্টের দাবিতে উত্তাল শান্তির বাজার, তিপ্রামথা দলের উদ্যোগে সুবিশাল মশাল মিছিল
রোমান স্ক্রিপ্টের দাবিতে উত্তাল শান্তির বাজার, তিপ্রামথা দলের উদ্যোগে সুবিশাল মশাল মিছিল
শান্তির বাজার প্রতিনিধি: রোমান স্ক্রিপ্টের স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় শান্তির বাজার শহরে তিপ্রামথা দলের উদ্যোগে এক বিশাল ও তাৎপর্যপূর্ণ মশাল মিছিলের আয়োজন করা হয়। সন্ধ্যা নামতেই শহরের রাজপথে মশালের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে গোটা এলাকা। আদিবাসী সমাজের ভাষা, সংস্কৃতি ও পরিচয়ের প্রশ্নে এই মশাল মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আজকের এই মশাল মিছিলের নেতৃত্ব দেন তিপ্রামথা দলের সুপ্রিমো তথা রাজপরিবারের সদস্য মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শান্তির বাজার পূর্ত দপ্তরের ডাকবাংলোর সামনে থেকে মিছিলটি শুরু হয়। সেখান থেকে মিছিলটি শান্তির বাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা পরিক্রমা করে। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা মশাল হাতে নিয়ে দলীয় স্লোগান দিতে থাকেন এবং রোমান স্ক্রিপ্টের দাবিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।
দীর্ঘ পথ পরিক্রমার পর শান্তির বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এসে এই মশাল মিছিলের সমাপ্তি ঘটে। মিছিল শেষে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, রোমান স্ক্রিপ্ট শুধুমাত্র একটি লিপি নয়, বরং আদিবাসী সমাজের শিক্ষা, সংস্কৃতি ও ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ দাবি। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই দাবিকে উপেক্ষা করা হচ্ছে, যার ফলে আদিবাসী ছাত্রছাত্রী ও সমাজের মানুষজন নানাভাবে বঞ্চিত হচ্ছেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে রোমান স্ক্রিপ্টের দাবিকে স্বীকৃতি দিয়ে আদিবাসী সমাজের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিপ্রামথা দলের অন্যান্য দাবি নিয়েও তিনি বক্তব্য রাখেন এবং স্পষ্ট করে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
এদিনের মশাল মিছিলে তিপ্রামথা দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। শান্তির বাজার শহরে এই মশাল মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।