কো-অপারেটিভ উন্নয়ন, স্বচ্ছতা ও দক্ষ ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্ব অর্জন—খুশির হাওয়া এলাকাজুড়ে
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
রাজ্যের কো-অপারেটিভ আন্দোলনের ক্ষেত্রে এক গর্বের অধ্যায় যুক্ত হলো তেলিয়ামুড়ায়। মিনিস্ট্রি অফ কর্পোরেশন, গভারমেন্ট অফ ইন্ডিয়ার অন্তর্গত ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ত্রিপুরা-র উদ্যোগে আয়োজিত এক বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন কো-অপারেটিভ লিমিটেড সোসাইটিকে তাদের সামগ্রিক কার্যাবলী, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনার মানদণ্ডের ভিত্তিতে পুরস্কৃত করা হয়।
এই সম্মানজনক অনুষ্ঠানে কো-অপারেটিভ উন্নয়ন, স্বচ্ছতা ও কার্যকর ব্যবস্থাপনার নিরিখে একটি নির্দিষ্ট বিভাগে প্রথম পুরস্কার অর্জন করে তেলিয়ামুড়া মার্কেটিং কো-অপারেটিভ লিমিটেড সোসাইটি। রাজ্য তথা জাতীয় স্তরের এই স্বীকৃতি পাওয়ায় সংশ্লিষ্ট কো-অপারেটিভের সদস্যদের পাশাপাশি তেলিয়ামুড়া এলাকার সাধারণ মানুষদের মধ্যেও খুশির হাওয়া বইছে।
এই সাফল্যকে কেন্দ্র করে তেলিয়ামুড়া মার্কেটিং কো-অপারেটিভ লিমিটেড সোসাইটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সোসাইটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা এই অর্জন সম্পর্কে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। তিনি জানান, এই পুরস্কার শুধুমাত্র একটি ট্রফি বা স্বীকৃতি নয়, বরং দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, সৎ ও স্বচ্ছ পরিচালনা, এবং সকল সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টারই ফল।
নীতিন কুমার সাহা আরও বলেন, কো-অপারেটিভ ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাধারণ মানুষের আস্থাকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হয়। তেলিয়ামুড়া মার্কেটিং কো-অপারেটিভ লিমিটেড সেই লক্ষ্য নিয়েই নিরলসভাবে কাজ করে চলেছে। আগামীদিনে আরও উন্নত পরিষেবা প্রদান, কৃষক ও সাধারণ গ্রাহকদের স্বার্থরক্ষা এবং কো-অপারেটিভ ব্যবস্থাকে আধুনিক ও আত্মনির্ভর করে তুলতে তারা বদ্ধপরিকর বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, এই জাতীয় স্তরের সম্মান তেলিয়ামুড়া এলাকার কো-অপারেটিভ আন্দোলনকে নতুন দিশা দেখাবে। পাশাপাশি ভবিষ্যতে রাজ্যের অন্যান্য কো-অপারেটিভ সোসাইটিগুলিও স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এগিয়ে আসতে অনুপ্রাণিত হবে বলে তিনি মনে করেন।
সবমিলিয়ে, তেলিয়ামুড়া মার্কেটিং কো-অপারেটিভ লিমিটেড সোসাইটির এই সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং গোটা তেলিয়ামুড়া এলাকার জন্যই এক গর্বের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
