প্রাতঃভ্রমণে বেরিয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেলিয়ামুড়া প্রতিনিধি: সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল তেলিয়ামুড়া মহকুমার মহারাণীপুর জারইলং বাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম অপু দেবনাথ (৫৩)। আকস্মিক এই ঘটনায় গোটা এলাকাজুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই আজ সকালেও এলাকার বেশ কয়েকজন মানুষ হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় রাস্তার পাশে অপু দেবনাথকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। প্রথমে বিষয়টি স্পষ্ট না হলেও কাছে গিয়ে ডাকাডাকি করলে কোনও সাড়া না পাওয়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহ আরও ঘনীভূত হয়। মুহূর্তের মধ্যেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং ভিড় জমতে শুরু করে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় মানুষজন দ্রুত তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপু দেবনাথকে উদ্ধার করে। এরপর তড়িঘড়ি করে তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে খবর পৌঁছায় মৃতের পরিবারের লোকজনদের কাছেও। খবর পেয়ে পরিবারের সদস্যরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসেন। প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যদের কান্নায় হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে।
পরিবার সূত্রে জানা যায়, অপু দেবনাথ পেশায় একজন কৃষক ছিলেন। গতকাল রাতে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবার বা স্থানীয় কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। বর্তমানে মৃত্যুর প্রকৃত কারণ রহস্যের মধ্যেই রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল ও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও অস্বাভাবিকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই অপ্রত্যাশিত ঘটনায় মহারাণীপুর জারইলং বাড়ি এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপু দেবনাথের মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা হোক এবং প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
