সরকারি জমিতে গাঁজা চাষ—লেফুঙ্গা থানার অভিযানে ধ্বংস ৪ হাজার গাছ
গাঁজা চাষীদের কড়া হুশিয়ারি পুলিশের—“থানা এলাকায় নেশাজাতীয় ফসলের অস্তিত্ব থাকতে দেব না,” কড়া বার্তা ওসি সহদেব দাসের
লেফুঙ্গা , মোহনপুর । রিপোর্ট- হিরণ্ময় রায়ঃ নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আরও একবার প্রমাণ করল লেফুঙ্গা থানা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় লেফুঙ্গা থানাধীন দীঘালিয়া এলাকার জঙ্গল ঘেরা সরকারি জমিতে। দীর্ঘদিন ধরে সেখানে রাবার বাগানের আড়ালে গড়ে উঠেছিল বিশাল আকৃতির গাঁজা চাষের ক্ষেত।
অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৪ হাজারের বেশি ম্যাচুরিটি পর্যায়ের গাঁজা গাছ কেটে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। প্রতিটি গাছ ছিল বাজারজাত হওয়ার উপযোগী পর্যায়ে। ফলে অভিযানের সাফল্যে নেশা ব্যবসায়ী চক্রগুলোর বড়সড় ক্ষতি হল বলে মনে করছে পুলিশ।
অভিযান শেষে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, “আমার থানা এলাকায় কারও গাঁজা চাষ করতে দেব না। এমন কোনও খবর পেলেই সব গাছ কেটে ধ্বংস করে দেব। নেশাজাতীয় ফসলের কোনও অস্তিত্ব বরদাস্ত করা হবে না।”
তিনি আরও জানান, লেফুঙ্গা থানার পুলিশ গত কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে নেশা বিরোধী অভিযান চালাচ্ছে এবং আগামী দিনেও এই অভিযান আরও জোরদার হবে। সরকারি জমিতে এভাবে অবৈধ গাঁজা চাষ শুধু আইন বিরোধী নয়, সমাজে নেশার বিস্তার ঘটিয়ে যুবসমাজকে ভ্রষ্ট করে তুলছে—এমন মন্তব্যও করেন তিনি।
লেফুঙ্গা থানা পুলিশের এই সফল অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। পুলিশ জানিয়েছে, চাষীদের শনাক্ত করতেও তদন্ত চলছে এবং নেশার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে।
