বায়ু দূষণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা ছড়াতে ২৩টি রাজ্য পেরিয়ে ত্রিপুরায় পৌঁছালেন তরুণ সাইক্লিস্ট, তেলিয়ামুড়ায় উষ্ণ অভ্যর্থনা।
তেলিয়ামুড়া প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও বায়ু দূষণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন তরুণ পরিবেশযোদ্ধা পাপ্পু রাম চৌধুরী। সাইকেল চালিয়ে ভারতবর্ষের এক রাজ্য থেকে আরেক রাজ্য পরিভ্রমণ করে তিনি ইতিমধ্যেই অতিক্রম করেছেন দেশের ২৩টি রাজ্য। সেই ধারাবাহিকতায় গতকাল রাতে তিনি খোয়াই জেলার তেলিয়ামুড়ায় এসে পৌঁছান।
তেলিয়ামুড়ায় পৌঁছানোর পর তিনি তেলিয়ামুড়া ফরেস্ট অফিসের ডাকবাংলায় রাত্রিযাপন করেন। তার এই আগমনে স্থানীয় মানুষজনের পাশাপাশি প্রশাসনের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। আজ তেলিয়ামুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিআরসি হলঘরে তাকে কেন্দ্র করে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ পরিবেশপ্রেমী নাগরিকরা। পাশাপাশি খোয়াই জেলার ফরেস্ট ডেভেলপমেন্ট অফিসারের পক্ষ থেকেও জেলা ফরেস্ট অফিসে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং দূষণ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
২৫ বছর বয়সী পাপ্পু রাম চৌধুরী ২০২৩ সালের ২৩শে এপ্রিল পরিবেশ সচেতনতা মূলক এই সাইকেল যাত্রা শুরু করেন। তার লক্ষ্য, ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে ভারতবর্ষের সমস্ত রাজ্য পরিভ্রমণ সম্পন্ন করা। ইতিমধ্যেই তিনি দেশের ২৩টি রাজ্য ঘুরে ফেলেছেন এবং বর্তমানে তার এই দীর্ঘ যাত্রা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।
পাপ্পু রাম চৌধুরীর এই যাত্রার মূল উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণ এবং বায়ু দূষণ রোধে সাধারণ মানুষকে সচেতন করা। তিনি বলেন, “পরিবেশ ও বায়ুকে দূষণমুক্ত রাখতে হলে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব গাছ লাগানো। গাছের কোনও বিকল্প নেই। যত বেশি গাছ লাগানো হবে, ততই প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে।”
তিনি সমাজের সর্বস্তরের মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ করার পাশাপাশি সেই গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। পরিবেশ রক্ষায় তোমাদেরই এগিয়ে আসতে হবে। সবার সহযোগিতায় প্রত্যেকের একটি করে গাছ লাগানো আজ অত্যন্ত জরুরি।”
তেলিয়ামুড়ায় তার এই আগমন এবং পরিবেশ রক্ষায় নেওয়া ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে সাইকেলে দেশ ভ্রমণের এই দৃষ্টান্ত নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে বলেই মনে করছেন পরিবেশবিদ ও সচেতন মহল।
